গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রায় ১৭ একর জমি মঙ্গলবার দুপুরে দখলমুক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, পার্কের জমিতে অবৈধভাবে স্থাপিত অস্থায়ী ও স্থায়ী দোকান-পাট ছাড়াও পাঁকা-কাচা প্রায় অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় শ্রীপুর থানা, জয়দেবপুর থানা পুলিশ ছাড়াও আনসার সদস্যরা উচ্ছেদ অভিযানে সাহায্য করেন।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিব প্রসাদ ভট্টাচার্য বলেন, পার্কের প্রায় ১৭ একর জমি স্থানীয় কিছু লোক অবৈধভাবে দখল করে সেখানে কাঁচা-পাকা বাড়ি, দোকান নির্মাণ করে দেহ ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। এতে পার্কের কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা সমস্যায় পড়তেন। স্থানীয়ভাবে একাধিকবার উদ্যোগ নিলেও কোনও ফল না পওয়ায় জেলা প্রশাসনে অভিযোগ দেওয়া হয়। এ প্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই জমিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
/এআর/এফএস/








