নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হওয়ায় বাবা-ছেলে একইসঙ্গে বাড়ি থেকে পালিয়েছেন। সিরাজগঞ্জের কাজিপুরের মনসুর নগর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। করোনা উপসর্গ নিয়ে গত ২২ এপ্রিল জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই বাবা-ছেলে ভর্তি হন। পরে করোনা সন্দেহে তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার পর পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার খবর পেয়ে বাড়ি তেকে পালিয়ে যান বাবা ও ছেলে। স্থানীয় মনসুর নগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, বাবা-ছেলের নমুনায় করোনা পজিটিভের বিষয়টি আমরাও জেনেছি।
এদিকে রাতে সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, বাবা-ছেলের নমুনায় করোনা পজিটিভ হওয়ার বিষয়টি ময়মনসিংহ ও জামালপুর জেলা থেকে জেনেছি। তাদের খোঁজার পাশাপাশি বাড়িটি শনাক্ত এবং আক্রান্ত দুই জনের স্বজনদের নমুনা পরীক্ষায় উপজেলা প্রশাসনকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত সিরাজগঞ্জে চার জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো।








