চট্টগ্রামে বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এর পর এবার চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) করোনা পরীক্ষার দ্বিতীয় ল্যাব চালু করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে ল্যাবটিতে নমুনা পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. জুনায়েদ সিদ্দিকী।
এর আগে করোনা পরীক্ষার ল্যাব চালু করতে গত ৯ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এই বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠানো হয়। এরপর ল্যাব প্রস্তুতের পর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে করোনা পরীক্ষার ল্যাবটি উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
ড. জুনায়েদ সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিআইটিআইডি থেকে আমরা ৪৮০টি কিট পেয়েছি। সেগুলো নিয়েই প্রাথমিকভাবে আমরা নমুনা পরীক্ষা শুরু করেছি। বিআইটিআইডি নমুনা সংগ্রহ করে আমাদের কাছে পাঠাবে। এরপর নমুনা পরীক্ষা করে আমরা বিআইটিআইডিতে রিপোর্ট পাঠিয়ে দেবো। সেখান থেকে ফলাফল জানানো হবে।’
তিনি আরও বলেন, ‘আপাতত প্রতিদিন ১০০ নমুনা পরীক্ষার লক্ষ্যমাত্রা নিয়ে ল্যাবে কাজ শুরু করেছি। আমাদের ছয়টি পিসিআর মেশিন থাকলেও আপাতত একটি মেশিনে নমুনা পরীক্ষার কার্যক্রম চালানো হবে। ছয় জন শিক্ষার্থী এবং দুই জন শিক্ষক এই পরীক্ষায় প্রত্যক্ষভাবে কাজ করবেন। তবে বিআইটিআইডি কর্তৃপক্ষ চাইলে আমরা আরও বেশি সংখ্যক পরীক্ষা কার্যক্রম চালাতে পারবো।’








