ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে স্বাস্থ্য পরিদর্শকসহ আরও চার জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ৪০টির মধ্যে এই চার নমুনার পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩ জনে। ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার এবং করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় একজন, শৈলকুপায় দুজন এবং হরিনাকুণ্ডুতে একজন রয়েছে বলে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে।
সিভিল সার্জন বলেন, ‘এ পর্যন্ত ১৬৩টি নমুনার রিপোর্ট আমরা পেয়েছি। তার মধ্যে নেগেটিভ ১৫০ এবং পজিটিভ ১৩। এখন আমাদের আরও সতর্ক থাকতে হবে।’ তিনি সবাইকে সাবধানে ঘরে থাকতে পরামর্শ দেন।








