ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ছয় চিকিৎসক ও তিন স্বাস্থ্যকর্মীসহ ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এই ফলাফল পাওয়া গেছে। এরফলে এখন পর্যন্ত মেডিক্যালের ২৫ জন চিকিৎসক ও ৩০ স্বাস্থ্যকর্মীর করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার চিত্ত রঞ্জন দেবনাথ জানান, ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে আসা নমুনার মধ্যে সোমবার ২৮২টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে।
তিন শিফটে পরীক্ষা শেষে ময়মনসিংহ জেলায় ১০ জন, জামালপুরে আট জন এবং নেত্রকোনা জেলায় তিন জনের নমুনায় করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ডাক্তার ও স্বাস্থ্যকর্মী রয়েছে।
প্রাপ্ত তথ্যমতে এখন পর্যন্ত ময়মনসিংহে ১২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মেডিক্যালের পিসিআর ল্যাবে এখন পর্যন্ত ৩২০০ নমুনা পরীক্ষায় ২৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।







