করোনাভাইরাস প্রতিরোধে সেবাপ্রার্থীদের সুরক্ষা দিতে নরসিংদীর তিনটি পৃথক স্থানে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নরসিংদী পৌরসভা, নরসিংদী সদর হাসপাতাল ও ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের প্রবেশপথে এসব ট্যানেল স্থাপন করা হয়।
জানা গেছে, কোনও ব্যক্তি এটির ভেতর দিয়ে প্রবেশের সময় লেজার সেন্সরের মাধ্যমে যন্ত্রটি সক্রিয় হয়ে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে স্বয়ংক্রিয়ভাবে জীবাণুনাশক স্প্রে করবে। এতে ব্যক্তির পোশাকে থাকা ক্ষতিকারক ভাইরাস ও ব্যাকটেরিয়া মারা যাবে। এছাড়াও এতে আছে স্যানেটাইজিং কার্পেট, যা জুতায় থাকা ভাইরাসও মেরে ফেলবে।
পৌরমেয়র কামরুজ্জামান জানান, এসব প্রতিষ্ঠানের সেবাপ্রার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে জীবাণুনাশক ট্যানেল স্থাপন করা হয়েছে। আরও কয়েকটি স্থানে এসব সুরক্ষা যন্ত্র স্থাপনের চিন্তা করা হচ্ছে।
টানেলের উদ্বোধন করেন নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন মো. ইব্রাহীম টিটন, ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক শীতল চৌধুরী ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা এএনএম মিজানুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু কাউসার সুমন প্রমুখ।








