নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ;করোনাভাইরাস মোকাবেলায় প্রধামন্ত্রীর ত্রাণতহবিলের সহযোগিতায় সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ৪৯০ মেট্রিকটন চাল বরাদ্ধ হয়েছে। এই চাল-ডাল ২৭ টি ওয়ার্ডের ৫০ হাজার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।'
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন চত্বরে ১০ টাকা কেজির ওএমএস চাল বিতরণের উদ্বোধন শেষে এক প্রেস ব্রিফিংয়ে সিটি মেয়র এসব তথ্য জানান।
তিনি বলেন, সিটি কপোরেশনে ওএমএস চাল বিতরণের জন্য ১৫ হাজার কার্ড পেয়েছে। কিন্তু আমাদের চাহিদা আরও অনেক বেশি। আশা করি পর্যায়ক্রমে আরও কার্ড পাবো।
সিটি মেয়র আইভী আরও বলেন, 'নারায়ণগঞ্জ সিটি করপোরেশন একটি মেডিক্যাল টিম গঠন করে সিভিল সার্জনের সহায়তা বাড়ি বাড়ি গিয়ে করোনা উপসর্গ রোগিদের নমুনা সংগ্রহ করছে। এপর্যন্ত ৫১১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সরকারি ও বেসরকারি ডায়গনোস্টিক সেন্টারের সহযোগিতায় এসব নমুনা সংগ্রহ করা হচ্ছে। এছাড়া নগরবাসীকে সেবাদানের জন্য ১৬ জনের একটি মেডিক্যাল টিম গঠন করে টেলিফোনে রোগীদের সেবা দেওয়া হচ্ছে বলে ও জানান তিনি।
নগরবাসীকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'করোনায় আক্রান্ত কোনও রোগী মারা গেলে নির্দিষ্ট সময়ের পর লাশ থেকে করোনা ছড়ায় না। তাই কেউ মারা গেলে পরিবারের লোকজন লাশ দাফন কাফনে এগিয়ে আসবেন।'








