খুলনা সিটি করপোরেশন (কেসিসি) এলাকায় নিম্ন আয়ের প্রায় ১৮শ’ কর্মহীনকে চাল-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) মেয়র তালুকদার আব্দুল খালেক পৃথকভাবে এসব সামগ্রী বিতরণ করেন।
জেলা প্রশাসনের উদ্যোগে ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় বুধবার সকালে খুলনার যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ৪শ’ নিম্ন আয়ের কর্মহীনদের মাঝে সাত কেজি করে চাল ও সবজিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় মেয়র ছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা বিভাগীয় শ্রম দফতরের পরিচালক মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজ-আল-আসাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর সিটি মেয়র আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আরও ৪শ’ নিম্ন আয়ের কর্মহীনদের মাঝে একই রকম খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এর আগে মেয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় নগরীর ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিস চত্বরে ৪৬০ জন কর্মহীন বেবিট্যাক্সি চালকের মাঝে আট কেজি করে চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং পরে ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিস চত্বরে ৫শ’ কর্মহীন ইটভাটা এবং স’মিলস শ্রমিকদের মাঝে আট কেজি করে চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।








