করোনার প্রভাবে চলতি বোরো মৌসুমে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। কৃষকের দুঃসময়ে অনেকেই এগিয়ে আসছে। এরই অংশ হিসেবে বুধবার (২৯ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কেন্দ্রীয় কৃষকলীগের নেতাকর্মীরা এগিয়ে এসেছেন।
এদিন উপজেলা কৃষকলীগের সাবেক অর্থ সস্পাদক নাজির মিয়ার নেতৃত্বে স্থানীয় কৃষকলীগের সদস্যরা দরিদ্র কৃষক বাবুল মিয়া ও গিয়াস উদ্দিনের জমির ধান কেটে দেন। এ সময় কৃষক কৃষকলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
এ বিষয়ে নাজির মিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি সজল চন্দ্রের নির্দেশে গরিব কৃষকের ধানকাটা কাজে সহযোগিতা করছি। আমরা আগামী এক সপ্তাহের মধ্যে বিজয়নগর এলাকার অসহায় কৃষকদের ধান কেটে ঘরে আনার কাজে সহযোগিতা করবো।’








