পাবনায় বিভিন্ন চরমপন্থী দল ও সংগঠন থেকে ফিরে এসে আত্মসমর্পণকারী ৯৯ জনকে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান দেওয়া হয়েছে। প্রতিজনকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়। বুধবার বিকালে জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এই আর্থিক অনুদান তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অ্যাড. শামসুল হক টুকু এমপি।
পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, জেলা প্রশাসক কবীর মাহমুদ, রাজশাহী বিভাগে এনএসআই’র যুগ্ম পরিচালক মোহাম্মদ জহীর উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ প্রমুখ।
২০১৯ সালের ৯ এপ্রিল পাবনার আমিনুদ্দিন স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন পাবনাসহ পার্শ্ববর্তী ১৩ জেলার ৫৬৭ জন চরমপন্থী। স্বাভাবিক জীবনে ফিরে আসাদের পুনর্বাসনের জন্য পাবনা জেলার ৯৯ জনকে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান দেওয়া হলো।








