রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় আরও সাত জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় এ রিপোর্ট পাওয়া গেছে। রাজশাহীতে তিন জন এবং বগুড়ায় চার জনকে শনাক্ত করা হয়েছে।
রাজশাহীতে শনাক্তদের মধ্যে নাটোরের একজন ও পাবনার দুইজন। বগুড়ায় শনাক্তদের মধ্যে জয়পুরহাটের তিন জন এবং বগুড়ার একজন রয়েছে বলে জানা গেছে।
রামেক হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. বুলবুল হাসান জানান, মঙ্গলবার রামেকের ল্যাবে ১৪৬ জনের নমুনা এসেছে। এ দিন পরীক্ষা হয়েছে ৯৪ জনের। সেখানে তিন জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
রাজশাহী জেলায় গত ১২ এপ্রিল প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। সর্বশেষ গত ২৮ এপ্রিল চার জন আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। আক্রান্তদের মধ্যে ছয় জন নারী ও সাত জন পুরুষ। আক্রান্তদের মধ্যে পুঠিয়া উপজেলায় পাঁচজন, বাগমারায় একজন, মোহনপুরে চার জন ও বাঘায় একজন, তানোরে একজন ও পবায় একজন রয়েছেন। তাদের মধ্যে রবিবার সকালে বাঘার আব্দুস সোবহান মারা যান।
২৮ এপ্রিল পর্যন্ত রাজশাহী বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ২ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে ৮ জন, জয়পুরহাটে ২৮ জন, বগুড়ায় ১৭ জন, সিরাজগঞ্জে ২ জন ও পাবনায় ৮ জন আক্রান্ত হয়েছেন।।








