মানিকগঞ্জ সদর উপজেলায় করোনায় কর্মহীন ও দুস্থ ৩৮০ জন জাতীয় পুষ্টি সপ্তাহের টাকায় কেনা পুষ্টিসমৃদ্ধ খাবার পেয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) এই কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেন।
বিগত সময়ে এই কর্মসূচির টাকা ব্যয় হতো গণসচেতনতা আর পুষ্টি শিক্ষা-বিষয়ক তথ্য প্রদান করা সভার জন্য। কিন্তু মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. লুৎফর রহমান করোনায় কর্মহীনদের কথা মাথায় রেখে ব্যতিক্রমী এ কর্মসূচি হাতে নেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নিজ গ্রাম গড়পাড়া থেকে এই কর্মসূচির উদ্বোধনের পর উপজেলার ১০টি ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়া হয়। এ সময় উপজেলা মো. লুৎফর রহমান, গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান জানান, সারাদেশের মতো মানিকগঞ্জেও করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবী মানুষ। তাই ব্যক্তিগত চিন্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সরকারি বরাদ্দের সঙ্গে নিজেদের পকেট থেকে ভর্তুকি দিয়ে ৩৮০ জনকে পুষ্টিসমৃদ্ধ এই খাবার দেওয়া হচ্ছে। সহায়তার মধ্যে খাঁটি সরিষার তেল, মুশুরির ডাল, চিনি, সেমাইসহ হাত ধোয়ার সাবান ও মাস্ক রয়েছে।








