হাতে লাল সবুজের পতাকা আর বিভিন্ন রঙের ফুল, হৃদয়ে গভীর শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে বুধবার ভোর থেকে লাখো মানুষের ঢল নামে সাভারে জাতীয় স্মৃতিসৌধে। দেশের সূর্য্য সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসার ফুলে ফুলে ঢেকে যায় স্মৃতিসৌধের শহীদ বেদী। সেখানে লাখো মানুষের জমায়েতে ছিল বুড়ো থেকে সববয়সীদের। ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা।
বুধবার রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভোর ৬টা ৩৩ মিনিটে প্রবেশ করার ঠিক তিন মিনিট আগেই প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে প্রবেশ করেন। রাষ্ট্রপতি স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে লাখো শহীদের শ্রদ্ধা জানান। এসময় তিন বাহিনীর সুসজ্জিত একটি দল তাকে প্রদান করেন গার্ড অব অনার। বিউগলে বেজে ওঠে করুণ সুর। তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। প্রায় একই সময় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা বেদীতে ফুল দিয়ে লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করে ৬টা ৪৮ মিনিটে ওই এলাকা ত্যাগ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী পরিষদের বিভিন্ন সদস্য, প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপরই জাতীয় পার্টির (এরশাদ) পক্ষে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ দলের নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বেলা পৌনে ১১টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে ফুল দিয়ে লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য ড.মঈন খানসহ দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া জাসদ, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, বাসদ, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, গণফোরাম, জাতীয় পার্টি, যুবদল, যুব ইউনিয়ন, ছাত্রলীগ, ছাত্রদল, কৃষকলীগ, কৃষক দল, কৃষক সমিতি, ক্ষেত মজুর সমিতি, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়, কৃষিবিদ ইনস্টিটিউশন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিএল আর আই, শেখ হাসিনা জাতীয় যুবকেন্দ্র ইত্যাদি। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও এ শ্রদ্ধা জানানো হয়। লাখো মানুষের ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় ভরে যায় শহীদ বেদী।
/এএইচ/








