নীলফামারীর ডিমলায় আগুনে পুড়ে ছাই হয়েছে ২০ দোকান। শনিবার (২ মে) ভোরে উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের জিরো পয়েন্টে চাপানি বাজারের ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় এলাকার পাঁচটি দোকানের মালামাল লুটপাট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, 'এসময় হার্ডওয়্যার, মুদিদোকান, মনিহারি, কসমেটিকস, ফার্মেসি, জুয়েলারি ও মোবাইলসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।'
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার ভোরবেলা আগুনের খবর পেয়ে দ্রুত ডিমলা ও জলঢাকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই বাজারের আব্দুল মান্নানের তুলার দোকান হতে আগুনের সূত্রপাত হয়। পের তা চারদিকে ছড়িয়ে পড়ে।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে যখন সবাই ব্যস্ত ছিল সেসময় একটি চক্র ওই বাজারের চাল, ডাল, এলপি গ্যাস সিলিন্ডার, থালা বাসন বিক্রির দোকান ও কীটনাশক দোকানের মালামাল লুট করে নিয়ে যায় বলেও অভিগোক করেছেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্তদের দাবি, প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট হয়েছে।
ডিমলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হতে পারে।








