বিশেষ ক্ষমায় করোনাভাইরাস পরিস্থিতিতে সংক্রমণের ঝুঁকি এড়াতে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মোট ৯৮ জন বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ পেয়েছে কারা কর্তৃপক্ষ। এরমধ্যে শর্ত সাপেক্ষে ৩৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের বিস্তার রোধে কারাগারগুলোতে ভিড় কমাতে সরকার লঘু অপরাধে সাজাপ্রাপ্ত আসামিদের সাজা মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে তিন ধাপে বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে। এর মধ্যে ৩৮ জন বাড়ি চলে গেলেও মুক্তির অপেক্ষায় আছে ৬০ জন। যারা মুক্তি পাচ্ছে, তাদের সাজা একেবারেই মওকুফ করে দেওয়া হয়েছে।
কারা কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, সরকার শুধু কারাদণ্ড মওকুফ করেছে। তবে জরিমানা মওকুফ নয়। অনেকেরই মামলার রায় ঘোষণার সময় কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দিয়ে থাকেন আদালত। যাদের অর্থদণ্ড ছিল না, তাদের ছেড়ে দেওয়া হয়েছে। যাদের অর্থদণ্ড পরিশোধ করা নেই, তারা যেতে পারছে না। এখন ব্যাংক খোলা আছে, বন্দিদের স্বজনরা জরিমানার টাকা জমা দিলেই তাদের ছেড়ে দেওয়া হবে।
গিয়াস উদ্দিন আরও জানান, পরিবারের সদস্যদের ফোন করে জরিমানার অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।
জানা গেছে, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ধারণক্ষমতা ১ হাজার ৪৫০ জন। কিন্তু রবিবার এই কারাগারে হাজতি এবং কয়েদি মিলিয়ে বন্দির সংখ্যা ছিল ৩ হাজার ৬১০ জন।








