পূর্বধলায় গরুর শসা গাছ খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। সোমবার উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়হা পশ্চিমপাড়া এলাকার নওয়াব আলীর একটি গরু সোমবার স্থানীয় মঞ্জুরুলের শসা ক্ষেতে ঢুকে গাছ খেয়ে ফেলে। এ নিয়ে মঞ্জুরুল ও নওয়াব আলীর মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। পরে এ ঘটনার জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত আবুল বাশার (৩৩), আজিজুল ইসলাম (৪০), লিটন (৩০), আব্দুল মান্নান (৩৫), হক মিয়া (৩৪) ও রাশিদা বেগমকে (৪৫) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে আবুল বাশার মৃত্যুবরণ করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তওহীদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








