টাঙ্গাইলের বাসাইলে এক বিধবার একটি মুদি দোকান ও প্রাণ আরএফএলসহ দুটি প্রতিষ্ঠানের গুদামে আগুন লেগেছে। এ ঘটনায় প্রায় ১৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। খবর পেয়ে সোমবার (৪ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ও বাসাইল পৌরসভার মেয়র আবদুর রহিম আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় আশ্বাস দেন তারা।
স্থানীয়রা জানান, রবিবার রাত সাড়ে বারোটার দিকে ডলি বেগমের দোকান ও ভাড়া দেওয়া গ্রাণ আরএফএলসহ দুইটি গোডাউনে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ডলি বেগম বলেন, ‘প্রায় ৩ বছর আগে আমার স্বামী মারা যায়। এরপর থেকে দুই শিশু সন্তানকে নিয়ে মুদি দোকান করে ও দুইটি ঘর ভাড়া দিয়ে কোনোভাবে সংসার চলছিল। ছেলে-মেয়ের লেখাপড়ার খরচও চলছিল এখান থেকে। কিন্তু সেটিও আর রইল না। আগুনে আমার সব স্বপ্ন পুড়ে গেলো।’ দোকানে বিভিন্ন মালামাল ও ঘরসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।।
ভাড়া নেওয়া একটি গোডাউনের মালিক পাপন আলী খান বলেন, তার প্রায় ১০ লাখ টাকার মাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে তিনি পথে বসে গেছেন।
আরেকটি গোডাউনের মালিক আসলাম শেখ বলেন, ‘আমার প্রাণ আরএফএলের সানড্রপ গ্রুপের প্রায় এক লাখ টাকার মাল পুড়ে ছাই হয়ে গেছে।’
বাসাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইশতিয়াক আহমেদ বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।’








