টাঙ্গাইলের সখীপুরে চার বছর ধরে অন্যের কার্ড দিয়ে চাল উত্তোলনের অভিযোগে মিনহাজ উদ্দিন নামের এক ইউনিয়ন পরিষদ সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (৪ মে) বিকালে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ তথ্যটি নিশ্চিত করেছেন।
আটককৃত মিনহাজ উদ্দিন উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের একজন সদস্য। পরে রাতে উপজেলা খাদ্য পরিদর্শক শামীম আল ফারুক বাদী হয়ে ইউপি সদস্য মিনহাজ উদ্দিনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন।
জানা যায়, উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মিনহাজ উদ্দিন ২০১৬ সালে শোলা প্রতিমা গ্রামের কালা মিয়ার কাছ থেকে ছবি ও জাতীয় পরিচয়পত্র নিয়ে খাদ্য বান্ধব কর্মসূচির একটি কার্ড করে দেন। ইউপি সদস্য মিনহাজ উদ্দিন ওই কার্ডটি কালা মিয়াকে না দিয়ে গত চার বছর ধরে চাল উত্তোলন করে আত্মসাৎ করেন। রবিবার (৩ মে) ইউপি সদস্য মিনহাজ উদ্দিন হঠাৎ ওই কার্ডটি কার্ডধারী কালা মিয়ার হাতে পৌঁছে দেন। চার বছর পর কার্ডটি হাতে পেয়ে কালা মিয়া দেখেন তার নামে বরাদ্দকৃত ৬০০ কেজি চাল ওই ইউপি সদস্য তুলে নিয়েছেন।
পরে সোমবার দুপুরে কালা মিয়া ওই কার্ড নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। চার বছর পর ওই কার্ড পাওয়ার বিষয়টি ইউএনও’র কাছে বর্ণনা করেন তিনি। পরে ইউএনও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার সোহরাব আলী ও ইউপি সদস্য মিনহাজ উদ্দিনকে তার কার্যালয়ে ডেকে নেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় উপকারভোগীর সঙ্গে প্রতারণার অভিযোগে যাদবপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির পরিবেশক (ডিলার) সোহরাব আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আর চাল আত্মসাতের অভিযোগে ইউএনও ওই ইউপি সদস্য মিনহাজ উদ্দিনকে পুলিশে সোপর্দ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীর সঙ্গে প্রতারণা করার অভিযোগে ডিলারকে অর্থদণ্ড ও ইউপি সদস্য মিনহাজ উদ্দিনের নামে দুর্নীতির মামলা করার জন্য খাদ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলম ফাহিম বলেন, ‘ইউপি সদস্য মিনহাজ উদ্দিন গত চার বছরে ওই কার্ড দেখিয়ে বছরে ১৫০ কেজি করে চার বছরে ৬০০ কেজি চাল আত্মসাত করেন। তার নামে চাল আত্মসাতের মামলা করা হয়েছে।’
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন বলেন, ‘ওই ইউপি সদস্যকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’








