গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতন দাবি ও ছাঁটাইয়ের খবর শুনে সান চেরি বডি ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানায় শ্রমিকেরা বিক্ষোভ করেছে। এসময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার পল্লী বিদ্যুত এলাকার ওই কারখানার সামনে বিক্ষোভ হয়। বেলা সাড়ে ১২টার দিকে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, করোনা পরিস্থিতিতে কর্তৃপক্ষ এক মাস কারখানা বন্ধ রাখে। ২ মে কারখানা চালু করা হয়। সেদিন কারখানায় যোগ দিতে গেলে তিন শতাধিক শ্রমিককে কর্তৃপক্ষ কারখানায় প্রবেশ করতে দেয়নি। গত দুদিনও ফিরিয়ে দেওয়া হয়। পরে জানা যায়, কমপক্ষে তিন শতাধিক শ্রমিককে ছাঁটাই করা হয়েছে এবং তাদের এপ্রিল মাসের বেতনও দেওয়া হবে না। ফলে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। পরে সকাল ১০টার দিকে কারখানার পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) জালাল আহমেদ জানান, অনেক বুঝিয়ে বেলা ১২টার দিকে মহাসড়ক থেকে আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়। শ্রমিকরা পুলিশের অনুরোধে মহাসড়কের অবস্থান ছেড়ে দেন। পরে তারা আবার কারখানার সামনে অবস্থান নেন। এসময় কারখানা কর্তৃপক্ষ কাউকে ছাঁটাই না করার আশ্বাস প্রদান করে এবং এপ্রিলের বেতন বৃহস্পাতবার (৭ মে) দেওয়ার প্রতিশ্রুতি দেন। আশ্বাস পেয়ে শ্রমিকরা বেলা ১২টার দিকে এলাকা ত্যাগ করেন।








