বকেয়া বেতনের দাবিতে ব্যাটারি কারখানার শতাধিক শ্রমিক বিক্ষোভ করেছে ঢাকার ধামরাইয়ে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ডাউটিয়া এলাকার আরগাস মেটার ব্যাটারি কারখানার সামনে শ্রমিকরা এই কর্মসূচি পালন করে।
কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, ওই কারখানার অনেক শ্রমিকের এখনও মার্চ ও এপ্রিল মাসের বেতন পরিশোধ করা হয়নি। গতকাল কিছু শ্রমিককে বেতন দেওয়া হয়। আর বাকি শ্রমিকদের আগামীকাল বেতন পরিশোধ করা হবে বলে জানানো হয়। এদিকে বুধবার সকালে কারখানায় এসে বেতন পরিশোধের ব্যাপারে কর্তৃপক্ষের কোনও সাড়া শব্দ না পেয়ে শ্রমিকরা কারখানার সামনে স্থানীয় সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে আগামী ১৭ তারিখে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা বাড়ি ফিরে যান।
আরগাস মেটার ব্যাটারি কারখানার ম্যানেজার আব্দুল হালিম বলেন, 'এই মাসের ১৭ তারিখ শ্রমিকদের বেতন পরিশোধ করে দেওয়া হবে।'
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম লিটন বলেন, 'কারখানাটিতে আজ বেতন পরিশোধের কথা ছিল। তবে কর্তৃপক্ষের আশ্বাস না পাওয়ায় তারা কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে আগামী ১৭ তারিখে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা বাড়ি চলে যান।'








