করোনায় জামালপুরে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার এক চিকিৎসক, ৫ নার্সসহ মোট ২২ জন করোনা আক্রান্ত হয়েছেন। জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৩ জনে। ডেপুটি সিভিল সার্জন জানান, ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় ১৮ জন ও ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার রিপোর্টে ৪ জনসহ মোট ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে শুধু ইসলামপুরের নতুন আক্রান্ত হয়েছে ১১ জন।
এছাড়া নতুন করে সদরে ৬ জন, মেলান্দহে ৪ এবং মাদারগঞ্জে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তরা হলেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনি নার্স এবং দুই পুরুষ স্টাফ নার্স, ভেঙগুরা গ্রামের একজন স্বাস্থ্যকর্মী, একটি ডায়গনস্টিক সেন্টারের একজন স্বাস্থ্যকর্মী। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্সের স্বামী, নটারকান্দা গ্রামের ঢাকা ফেরত এক নারী ও তার ১২ বছর বয়সী ছেলে, পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ৩০ বছর বয়সী এক ব্যক্তি।
এছাড়া মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২৭ বছর বয়সী একজন মেডিক্যাল কর্মকর্তা, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী এবং ২৫ এপ্রিল ঢাকা থেকে মেলান্দহের দুরমুঠ এলাকায় নিজ বাড়িতে ফেরা ৩৫ বছর বয়সী গার্মেন্টকর্মী ও তার স্ত্রী এবং সরুলিয়া গ্রামের ১৯ বছর বয়সী এক তরুণ আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে সদর উপজেলায় জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মকর্তা, হরিপুর এলাকার এক ব্যক্তি, রনরামপুর গ্রামের এক ব্যক্তি, শহরের বেসরকারি হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন।
জামালপুরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ জন।








