করোনাভাইরাস সংক্রমণ রোধে রাজশাহীর এক উপজেলা থেকে আরেক উপজেলায় চলাচল নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার (৮ মে) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক।
রাজশাহী জেলা প্রশাসকের স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, আন্তঃজেলা, আন্তঃউপজেলা যোগাযোগ/জনগণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। অর্থাৎ এক উপজেলার লোক অন্য উপজেলায় ও এক জেলার লোক অন্য জেলায় চলাচল করতে পারবেন না।
বলা হয়েছে, আসন্ন ঈদের ছুটিতে সবাইকে নিজ নিজ এলাকার কর্মস্থলে থাকতে হবে এবং আন্তঃউপজেলা ও আন্তঃজেলায় ভ্রমণ থেকে নিবৃত করতে হবে। এছাড়াও প্রতিটি শপিংমলে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। মাস্ক ছাড়া কোনও ক্রেতা দোকানে প্রবেশ করতে পারবেন না। সব বিক্রেতা,দোকান কর্মচারীকে মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরিধান করতে হবে। প্রতিটি শপিং মল, বিপণী বিতানের সামনে সকর্তবাণী 'স্বাস্থ্যবিধি না মানলে, মৃত্যুর ঝুঁকি আছে' সম্বলিত ব্যানার টানাতে হবে। হাট-বাজার, ব্যবসা কেন্দ্র, দোকান-পাট ও শপিং মলগুলো সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে সীমিত রাখতে হবে। তবে ফুটপাতে বা প্রকাশ্য স্থানে হকার, ফেরিওয়ালা, অস্থায়ী দোকানপাট বসতে দেওয়া যাবে না।
রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক নিজের ফেসবুকে আইডিতে বিশেষ বিজ্ঞপ্তিটি দিয়ে বলেছেন, আগামী ১০ মে থেকে জনসাধারণের জন্য এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার জন্য সরকারি নির্দেশনা। সবাইকে মেনে চলতে অনুরোধ করা হলো।








