শাক সবজিসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহণের জন্য পঞ্চগড় থেকে যাত্রা শুরু করেছে স্পেশাল পার্সেল ট্রেন। শনিবার (৯ মে) বিকালে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে সবুজ পতাকা উড়িয়ে ঢাকামুখী বিশেষ পার্সেল ট্রেন চলাচল উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।
ট্রেনটি পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে শনি, সোম ও বুধবার বেলা একটায় ছেড়ে রাত দুইটায় ঢাকায় পৌঁছাবে। আবার ঢাকা থেকে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার রাত চারটায় ছেড়ে বিকাল পাঁচটায় পঞ্চগড় পৌঁছাবে। সপ্তাহের প্রতি শুক্রবার পঞ্চগড় থেকে এবং শনিবার ঢাকা থেকে ট্রেনটির চলাচল বন্ধ থাকবে। পর্যাপ্ত বুকিং সাপেক্ষে স্পেশাল এই ট্রেনটি চলাচল করবে। প্রথম দিন ব্যবসায়ীরা পঞ্চগড় থেকে ব্যবসায়ীরা প্রায় ৫০ টন টমেটো ও শুকনো মরিচ ঢাকায় পাঠিয়েছেন।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন- শাক-সবজি, ডিম, মাছ, অন্যান্য প্রচলিত মালামাল যা পার্সেল হিসেবে বহনযোগ্য, তা যেন সহজে ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন, সেজন্য বাংলাদেশ রেলওয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে বিশেষ পার্সেল ট্রেন চালুর পদক্ষেপ গ্রহণ করেছে। সাধারণ মানুষের জন্য আমাদের রেলযোগাযোগের এটি একটি নতুন সংযোজন।'
মন্ত্রী আরও বলেন, 'শাক-সবজিসহ বিভিন্ন পণ্য পরিবহণের জন্য বিদেশ থেকে অত্যাধুনিক লাগেজ ভ্যান আমদানি করা হচ্ছে। সব লাগেজ শীতাতপ নিয়ন্ত্রিত। মাছ, মাংস, ডিম, দুধ, শাক, সবজিসহ বিভিন্ন পণ্য পরিবহন করা যাবে এই ট্রেনে।'
বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের সহকারী চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল জানান, পণ্যবাহী বিশেষ এই ট্রেনটি উভয় পথে রুহিয়া, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সেতাবগঞ্জ, দিনাজপুর, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, নলডাঙ্গারহাট, নাটোর, মুলাডুলি, লাহিড়ীমোহনপুর এবং তেজগাঁও রেল স্টেশনে মালামাল ওঠানো ও নামানোর জন্য যাত্রা বিরতি করবে। কোনও যাত্রী পরিবহন করা হবে না।








