গোপালগঞ্জের মুকসুদপুর থানায় কর্মরত ১৮ পুলিশ সদস্য করোনা জয় করে আবারও দায়িত্বে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এপ্রিলে তারা করোনা আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘদিন তারা স্বাস্থ্যবিধি মেনে চলে এখন সম্পূর্ণ সুস্থ হয়েছেন। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন করোনা জয় করা এই পুলিশ সদস্যরা।
রবিবার (১০ মে) মুকসুদপুর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার অনোয়ার হোসেন ভূঁইয়া জানান, সুস্থ হওয়া এসব পুলিশ সদস্য আবারও নতুন উদ্যোমে কর্মস্থলে যোগ দেবেন।
গত এপ্রিল মাসের ৯ তারিখ করোনার উপসর্গ নিয়ে মুকসুদপুর থানার পুলিশ সদস্য মহিউদ্দিন আহমেদ মানিকগঞ্জে তার বাড়িতে গেলে টেস্টে ধরা পড়ে তিনি করোনা আক্রান্ত। এরপর থানার সব সদস্যদের (৭১ জন) একের পর এক করোনার পরীক্ষা করে আরও ১৮ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। সব মিলিয়ে মুকসুদপুর থানার মোট ১৯ জন সদস্য করোনায় আক্রান্ত হন। বর্তমানে একজন সদস্য ছাড়া (ঢাকায় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন) সবাই সুস্থ হয়ে উঠেছেন। তারা এখন যার যার কাজে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা জয় করা সম্ভব। আর এটি প্রমাণ করে দেখিয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুর থানার এই ১৮ পুলিশ সদস্য।
সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এই পুলিশ সদস্যদের মতো সবাইকে দৃঢ় মনোবল নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।







