মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধ (৬৫) মারা গেছেন। হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ এই তথ্য নিশ্চিত করেন।
ডা. আরশ্বাদ উল্লাহ জানান, মানিকগঞ্জ সদর উপজেলার বংখুরী গ্রামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিনি জ্বর ও উচ্চ রক্তচাপ নিয়ে হাসপাতালে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক তাকে পর্যবেক্ষণের পর আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন। এরপর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়। তিনি করোনয়া আক্রান্ত ছিলেন কিনা তা নমুনা পরীক্ষার ফল পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাব।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান বলেন, 'পরিবারের সদস্যদের শরীরের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হবে।'
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, 'ধর্মীয় বিধিবিধান মেনে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তির মরদেহ দাফন করা হবে। ওই ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।'
উল্লেখ্য, এখন পর্যন্ত ৮ জন ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন। এরমধ্যে মানিকগঞ্জ সদরে চার জন, ঘিওরে দুজন, হরিরামপুর ও সাটুরিয়া উপজেলায় দুজন। তবে ইতোপূর্বে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া সাত জনের কেউই করোনায় আক্রান্ত ছিলেন না বলেও জানায় স্বাস্থ্য বিভাগ।








