নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট ৫৯ জনের মৃত্যু হলো করোনায়। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩৮ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৪১৩ জনে।
বুধবার (১৩ মে) জেলা সিভিল সার্জন অফিসের নিজস্ব ওয়েবসাইট এই তথ্য দেওয়া হয়েছে।
এদিকে মহানগরীর সিদ্ধিরগঞ্জে একই পরিবারের আট জন করোনায় আক্রান্ত হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার এই তথ্য নিশ্চিত করেন।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ও আক্রান্ত পরিবারের সদস্যরা জানায়, তাদের পরিবারের এক সদস্য গত ৬ মে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে ওই ব্যক্তির করোনার নমুনা সংগ্রহ করা হয়। মৃত্যুর একদিন পর ওই ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরবর্তীতে তাদের পরিবারের সবার নমুনা দেওয়া হয়। বুধবার তাদের আট সদস্যের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে তিন বছর ও ১১ বছরের দুজন শিশুও রয়েছে। বাকি ছয় জনের মধ্যে একজনের বয়স ২৭, একজনের ২৮, একজনের ৩২, দুজনের ৩৫, একজনের ৩৮ বছর।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার বলেন, আক্রান্তদের সবাই বর্তমানে সুস্থ আছেন। তারা বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। আমরা সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। তাদেরবাড়ি লকডাউন করা হয়েছে।







