সিরাজগঞ্জের কাজিপুর থানার তিন পুলিশ সদস্যসহ নতুন করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে তিন পুলিশ সদস্য আক্রান্তের ঘটনায় ওই থানা লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী। বৃহস্পতিবার (১৪ মে) রাতে তিনি এ তথ্য জানান।
সন্ধ্যায় সিভিল সার্জন অফিসের মাধ্যমে জানা যায়, নতুন করে ৯ জনের ফলাফল পজিটিভ এসেছে। আর অন্যজন আক্রান্ত হয়ে ঢাকায় শনাক্ত হলেও পরে কাজিপুর এসে লুকিয়ে ছিলেন। পরে তারও পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে কাজিপুর উপজেলায় রয়েছেন ছয় জন। এদের মধ্যে থানার দুই পুলিশ কর্মকর্তা ও একজন কম্পিউটার অপারেটর রয়েছেন।
কাজিপুর থানার ওসি একেএম লুৎফর রহমান জানান, আক্রান্ত তিন পুলিশ সদস্যকে থানার অভ্যন্তরে পৃথক স্থানে হোম কোয়ারেন্টিনে রেখে খাবার ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বাকিরাও থানার ভেতরেই রয়েছেন।
ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী বলেন, নতুন ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। পুলিশ সদস্য আক্রান্ত হওয়ার ঘটনায় থানা লকডাউন করা হয়েছে। জেলা সদর থেকে আলাদা পুলিশ সদস্যদের পাঠাতে জেলা প্রশাসকের কােছে অনুরোধ করা হয়েছে।
সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ মির্জা মো. হুমায়ুন কবীর সন্ধ্যায় জানান, জেলায় এ পর্যন্ত ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।








