বাড়িতে চিকিৎসা নিয়েই করোনাকে জয় করেছেন পাবনার সুজানগরের নাজিরগঞ্জ ইউনিয়নের নওগ্রামের হারুনর রশিদের ছেলে গার্মেন্টসকর্মী সোহেল রানা (৩২)। ১৮ দিন হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার সুস্থ হন তিনি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোহেল রানা করোনাপ্রবণ জেলা নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে কর্মরত অবস্থায় করোনায় আক্রান্ত হওয়ার পর ২৬ এপ্রিল নিজ বাড়িতে আসেন। বিষয়টি জানাজানি হলে পরের দিন স্থানীয় প্রশাসন তাকে হোম কোয়ারেন্টিনে রেখে চিকিৎসার ব্যবস্থা করে। সেই সঙ্গে তার পরিবারের ছয় সদস্যর নমুনা সংগ্রহ শেষে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। তার পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষায়ও করোনা নেগেটিভ এসেছে।








