সারিসারি টেবিলে থরেথরে সাজানো হয়েছে সবজিসহ নানা ধরনের নিত্যপণ্য ও ঈদ উপহার সামগ্রী। ব্যাগ হাতে নারী, পুরুষ ও শিশুরা লাইনে আসছেন এবং নিজ হাতে ইচ্ছেমতো ব্যাগে নিচ্ছেন। এভাবেই একে একে আড়াইশ পরিবারের সদস্যের মধ্যে এসব সহায়তা দেওয়া হয়। নিজ হাতে সহায়তা সামগ্রী তুলে নিয়ে হাসিমুখে ফিরতে দেখা গেছে সবাইকে।
কুমিল্লা বরুড়া উপজেলার সামাজিক সংগঠন ডিমডুল 'মানবতার বন্ধন'-এর তরুণদের উদ্যোগে দুই দিনব্যাপী উন্মুক্ত বাজারের মাধ্যমে এসব পণ্য বিতরণ করা হয়।
শনিবার (১৬ মে) সকালে বরুড়ার ডিমডুল বাজারে 'মানবতার বন্ধন' উন্মুক্ত বাজারের উদ্বোধন করেন বরুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান।
সংগঠনের সভাপতি ডা. মো. সফিকুল ইসলাম জানান, ডিমডুল গ্রামের বাছাই করা ২৫০ দরিদ্র পরিবারের মধ্যে সবজিসহ ঈদ ও খাদ্য সহায়তা দেওয়া হয়। এসব সহায়তা সামগ্রীর মধ্যে ছিল পোলাওয়ের চাল, ডাল, তেল, মুরগি, আলু, পেঁয়াজ, লবণ ও মসলা। ঈদ সামগ্রীর মধ্যে সেমাই, চিনি, কিসমিস ও দারুচিনি। এছাড়া সবজির মধ্যে বরবটি, টমেটো, করলা, শসা, পুঁইশাক, লেবু ও কাঁচা মরিচ।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. ইকবাল খান তোরাবালী, শিলমুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসহাক, ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক আজাদ মজুমদার ও সংগঠনের সহসভাপতি সুমন ভৌমিক ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ স্থানীয় ব্যক্তি ও সংগঠনের সদস্যরা।








