চট্টগ্রামে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সংবাদকর্মীসহ করোনা আক্রান্ত আরও ৭৫ জন শনাক্ত হয়েছেন। শনিবার (১৬ মে) চট্টগ্রামের তিনটি ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা পজেটিভ রিপোর্ট আসে। জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে চট্টগ্রামে ৭১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১০০ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আর মারা গেছেন ৩০ জন।
এদিকে চট্টগ্রামে তিন জন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন।
এ বিষয়ে ওই সংবাদকর্মীর সহকর্মী বাংলা ট্রিবিউনকে বলেন, কয়েকদিন আগে আমাদের সহকর্মীর জ্বর আসে। ওষুধ খাওয়ার পর উনার জ্বর কমে। এরপরও করোনা সন্দেহ থেকে তিনি পরীক্ষার জন্য নমুনা দেন। শনিবার পাওয়া রিপোর্টে তিনি করোনা পজিটিভ বলে জানা যায়।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ২২১টি, সিভাসুতে দুই দিনে ১৮৩টি, চমেকে ৯১টি ও কক্সবাজার মেডিক্যাল কলেজে ৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইডিতে চট্টগ্রামের ২৮ জন, সিভাসুতে ১২ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৩৫ জনের করোনা শনাক্ত।








