পিরোজপুরের মঠবাড়িয়ায় মিরুখালী ইউনিয়নের সংরক্ষিত আসনের (১,২ ও ৩ নং ওয়ার্ড) ইউপি সদস্য রুবি আলমের বিরুদ্ধে দুস্থদের বদলে নিজের স্বজনদের নাম সরকারি নগদ অর্থ সহায়তার তালিকায় তোলার অভিযোগ উঠেছে। তার দেবর ও বাশবুনিয়া রাশেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ মিয়ার স্ত্রী শাহিনুর আক্তারের নাম দুস্থদের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রুবি আলম বিভিন্ন সময় একাধিকবার ত্রাণ দেওয়ার কথা বলে ভোটার আইডি কার্ডের ফটোকাপি নিলেও প্রতিবারই ত্রাণ বা সরকারি সুবিধা তার আত্মীয় স্বজনদের পাইয়ে দিয়েছেন। এমনকি এবার কর্মহীন অসহায় দুঃস্থ্যদের সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রমেও তার স্বজনদের নাম অন্তর্ভুক্ত করেছেন।
ইউপি সদস্য রুবি আলম বিষয়টি স্বীকার করে বলেন, 'ওই শিক্ষকের ব্যাংকে লোন থাকায় তার স্ত্রী নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।' এছাড়াও তার স্বজনদের মধ্যে যারা অসহায় রয়েছেন, তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
মিরখালী ইউপি চেয়ারম্যান আ. ছোবাহান শরীফ জানান, রুবি আলমের বিরুদ্ধে ব্যাপক স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। তিনি টাকা ছাড়া কারও নাম অন্তর্ভুক্ত করেন না। নিজ দেবর ও মিরুখালী ইউনিয়নের বাশবুনিয়া রাশেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ মিয়ার স্ত্রী শাহিনুর আক্তারের নাম দুস্থদের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, 'নামের তালিকা এখনও চূড়ান্ত হয়নি। তারপরও কোনও অভিযোগ থাকলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'








