করোনা সংক্রমণ এড়াতে দেশের ৫০টি জেলাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার (৭ জুন) সব শেষ হিসেব অনুযায়ী বরিশাল জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬১৫ জন। এ অবস্থায় দেশের ৫০ জেলার মধ্যে বরিশালও লকডাউন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি ওয়েব সাইটে (corona.gov.bd) শনিবার রাতে লকডাউন সংক্রান্ত এই তথ্য আপলোড করা হয়। কিন্তু লকডাউন বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসনের কাছে রবিবার বিকাল ৫টা পর্যন্ত এ সংক্রান্ত কোনও নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
জেলা প্রশাসক বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে লকডাউন সংক্রান্ত খবর তিনিও শুনেছেন। তবে অফিসিয়ালি কোনও নির্দেশনা পাননি। নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘করোনা এড়াতে এর আগেও বরিশাল জেলা লকডাউন করা হয়েছিল। নির্দেশনা পেলে আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় লকডাউন যথাযথ বাস্তবায়ন করা হবে।’
করোনার ভয়াবহ পরিস্থিতি এড়াতে ফেস মাস্ক পরা, শারীরিক দূরত্ব রেখে চলা, বারবার সাবান দিয়ে হাত ধোয়া এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনও বিকল্প নেই বলে জানান জেলা প্রশাসক।








