নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে কাজল রানী সাহা (৫৭) নামে একজনের মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুন) বিকাল সাড়ে ৪টায় ঢাকার রিজেন্ট হাসপাতালে তিনি মারা যান। নকরোনা প্রতিরোধ সেলের কুইক রেসপন্স টিমের আহ্বায়ক ও নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহ আলম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
কাজল রানী নরসিংদী পৌর শহরের পশ্চিম কান্দাপাড়া মহল্লার ব্যবসায়ী শংকর লাল সাহার স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, কাজল রানী সাহা গত ২৫ মে থেকে হালকা জ্বর, ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে গত ৫ জুন তাকে ঢাকার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির আরও অবনতি হলে তাকে ওই হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ২ জুন তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। নমুনা পরীক্ষার ফল এখনও পাওয়া যায়নি।
মোহাম্মদ শাহ আলম মিয়া জানান, সিভিল সার্জন অফিসের পরামর্শক্রমে স্বাস্থ্যবিধি মেনে রবিবার রাতেই তার সৎকার করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে নরসিংদী জেলায় এ পর্যন্ত (৭ জুন) করোনা পজিটিভ ৭৪২ জন। মোট মৃত্যুর সংখ্যা ১১ জন।








