ঘন কুয়াশার কারণে শনিবার ভোর ৫টা থেকে বন্ধ আছে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি ও লঞ্চ চলাচল। চরে আটকে পড়ার আশঙ্কায় পদ্মার মাঝে নোঙর করেছে পাঁচটি ফেরি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বাংলা ট্রিবিউনকে ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম ফেরি মাস্টারদের উদ্ধৃতি দিয়ে জানান, মাঝরাত থেকে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। ভোর পাঁচটায় পরিস্থিতি নাজুক আকার ধারণ করে। পরে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
তিনি আরও জানান, পাটুরিয়া ঘাটে ৫টি ও দৌলতদিয়া ঘাটে আরও ছয়টি ফেরি যানবাহন বোঝাই করে ঘাট এলাকায় নোঙর করে আছে।
এদিকে তীব্র শীতে আটকা পড়া যানবাহনের সহস্রাধিক যাত্রী চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট হয়ে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।
/এনএস/এফএ/








