গাইবান্ধার সাদুল্লাপুরে করোনায় আক্রান্ত হয়ে নুরুল আমিন সরকার (৬৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) বিকালে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নে ভাতগ্রাম বাজারের নিজ বাড়িতে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম রেজানুল ইসলাম।
নুরুল আমিন সরকার ওরফে ফুল মিয়া ওই গ্রামের মৃত শুকুর উদ্দিনের ছেলে। তিনি রংপুর সুগার মিলের কর্মচারী ছিলেন।
চেয়ারম্যান জানান, নুরুল আমিন বাড়ি আর বাজারে আসা-যাওয়া করতেন। কিন্তু কীভাবে তিনি করোনা সংক্রমিত হলেন তা জানা যায়নি। মৃত্যুর পর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনার পরীক্ষার ফলাফলে তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। রাত পৌনে ১১টার দিকে জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে যথাযথ নিয়ম মেনে তাকে দাফন করা হয়।
মৃত নুরুল আমিনের ছেলে রুহুল বাবু বলেন, ‘বাবা কীভাবে করোনায় আক্রান্ত হয়েছেন তা কারও জানা নেই। তবে শারীরিক অসুস্থ বোধ করায় গত ১ জুন সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা সংগ্রহ করেন চিকিৎসকরা। এরপর থেকে নিজ বাড়িতে ছিলেন তিনি।’








