মাদারীপুরের রাজৈর উপজেলার শিমুলতলা এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে একটি নসিমনের চালক ও যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হন আরও একজন।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কালিরবাজার এলাকা থেকে বৃহস্পতিবার (১১ জুন) ভোরে নসিমনচালক সেলিম খলিফাকে নিয়ে ব্যবসায়ী সোহেল মুন্সী পাইকারি কাঁচামাল ক্রয়ের জন্য গোপালগঞ্জের মুকসুদপুরে যাচ্ছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের শিমুলতলা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এলপি গ্যাস বোঝাই একটি ট্রাককে পেছন থেকে আসা যাত্রীবাহী নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এসময় নছিমনের চালক সেলিম খলিফা ঘটনাস্থলে এবং নসিমনের আরোহী ক্ষুদ্র ব্যবসায়ী সোহেল মুন্সীকে রাজৈর হাসপাতালে নেওয়ার পর মারা যান। নসিমনের অপর এক যাত্রী আহত হয়েছেন।
নিহত সোহেল মুন্সী মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামের শাজাহান মুন্সীর ছেলে এবং সেলিম খলিফা উত্তর দুধখালী গ্রামের নুরুদ্দিন খলিফার ছেলে। তারা সদর উপজেলার কালিরবাজার এলাকা থেকে শাক-সবজি ও তরি-তরকারির পাইকারি ব্যবসার জন্য ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের অংশ হয়ে নসিমন নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায় যেতেন।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ দ্বীন মোহাম্মদ জানান, এলপি গ্যাস বোঝা ট্রাকটি আটক করা হয়েছে।








