ঝিনাইদহ শহরের খাজুরা গ্রামে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ফারুক হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার (১১ জুন) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফারুক হোসেন ওই গ্রামের গোলাম বারীর ছেলে। বুধবার (১০ জুন) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পৌর এলাকার খাজুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় খাজুরা এলাকার জাহিদ হোসেনের নেতৃত্বে ৩৫/৪০ জন বিএনপি নেতাকর্মী স্থানীয় আওয়ামী লীগ নেতা লিটনে হোসেনের মাধ্যমে আওয়ামী লীগে যোগ দেন। এ ঘটনায় বুধবার সকাল থেকে আওয়ামী লীগের অপরপক্ষের নেতা আবুল হোসেনের লোকজন নব্য যোগ দেওয়া নেতাকর্মীদের ওপর চড়াও হয়। সন্ধ্যায় আবুলের সমর্থকরা জাহিদের লোকজনের ওপর হামলা চালালে তাদের মাঝে সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ২ জনের শারীরিক অবস্থা গুরুতর হলে তাদেরকে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে ফারুক হোসেন মারা যান।
নিহত ফারুক হোসেন লিটনের পক্ষের লোক বলে জানা গেছে।
এ ব্যাপারে জানতে উভয়পক্ষের কয়েকজন নেতাকে ফোন দিয়েও কাউকে পাওয়া যায়নি।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে জানান, খাজুরা গ্রামে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।








