করোনাকাল উপেক্ষা করে যশোর কালেক্টরেট চত্বরে সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত আড্ডা দেওয়ায় উঠতি বয়সী মোট ৪২ তরুণকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে কালেক্টরেট চত্বরে জড়ো করা হয়। আটকদের মধ্যে ২৭ জনকে শপথ বাক্য পাঠ করান আদালত। তারা শপথ করেন- দেশে এই করোনা পরিস্থিতির মধ্যে বাইরে বের হয়ে এই সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হবেন না। বিনা প্রয়োজনে আর ঘর থেকে বের হবেন না। একইসঙ্গে কালেক্টটরেট পার্কে আর আড্ডা দিতে আসবেন না। তারা শপথ পাঠ করার শর্তে মুক্তি পান। অন্যরা জরিমানা দিয়ে মুক্তি পান।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক জানান, এই দুর্যোগের মধ্যে কালেক্টরেট চত্বরে দল বেধে আড্ডা দেওয়ায় তাদের আটক করা হয়। এরমধ্যে ২৭ জনকে শপথ বাক্য পাঠ এবং কালেক্টটরেট পার্কে আর আড্ডা দিতে আসবে না শর্তে ছেড়ে দেওয়া হয়। অন্যদের মধ্যে আট জনকে ১৮৬০ সালের অবহেলা ও অসচেতনতা কারণে ছড়িয়ে পড়া সংক্রমণ আইনের ২৬৯ ধারায় প্রত্যেককে ৫শ' টাকা করে চার হাজার ও সাত জনকে ২০১৮ সালের বাংলাদেশ সড়ক পরিবহন আইনে দুইশ' টাকা করে ১৪শ' টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
আদালত চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান, নির্বাহী ম্যাজস্ট্রেট রাসনা শারমিন মিথি, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।








