রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় বিজিবির দুজন ল্যান্সনায়েক নিহত হয়েছেন। নিহতরা হলেন ল্যান্সনায়েক জোবায়ের হোসেন ও ল্যান্সনায়েক আবু সাঈদ। শনিবার (১৩ জুন) গোদাগাড়ী সরকারি ডিগ্রি কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, শনিবার (১৩ জুন) সকালে গোদাগাড়ী সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন সারাংপুর ব্রিজের কাছে একটি ট্রাক বিজিবির ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই এজজন মারা যান, আহত আরেকজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে তার মৃত্যু হয়।
রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পরিচালক লেফটন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান জানান, ৫৯ বিজিবির ১৩ জন এবং ৫৩ বিজিবির ৯ জন সদস্য নিয়ে দিনাজপুরে প্রশিক্ষণের উদ্দেশে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসছিল ট্রাকটি। এ সময় বেসামরিক একটি ট্রাক বিজিবির ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বিজিবির ট্রাকটি (নবাবগঞ্জ-উ-১১-০০০৭) রাস্তার মধ্যে উল্টে পড়ে যায়। এতে ল্যান্সনায়েক মো. জোবায়ের হোসেন (নম্বর-৮০১৫৩), ৫৩ বিজিবি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং গুরুতর আহত ৫ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজে নেওয়া হলে ল্যান্সনায়েক মো. আবু সাঈদ (নম্বর-৭৫৭২০),৫৩ বিজিবি হাসপাতালে মৃত্যুবরণ করেন। অন্য আহত সৈনিকরা গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি খাইরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। আর দুর্ঘটনার পর ওই ট্রাকের চালক ও হেলপার পালিয়েছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








