করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ৫ জেলায় ১০ জন মারা গেছেন। এদের কেউ কেউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কেউ কেউ বাড়িতে মারা গেছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তির বিস্তারিত জানানো হলো।
নরসিংদী
সুস্থ হওয়ার পর ফের করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ আব্দুল মতিন (৫৯)। সোমবার (১৫ জুন) সকাল ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন ও তার সহকর্মীরা জানান, উপসর্গ না থাকলেও এপ্রিলে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হন আব্দুল মতিন। পরে পরীক্ষায় তার নেগেটিভ আসে। পরবর্তীতে তিনি অফিস করা শুরু করেন। কয়েকদিন আগে থেকে তার জ্বর, শ্বাসকষ্ট, কাশি, গলাব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাকে করোনা ডেডিকেটেড নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ১০ জুন থেকে আব্দুল মতিন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নমুনা পরীক্ষায় রবিবার (১৪ জুন) তার করোনা পজেটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়েছে।
চাঁদপুর
চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩ জন এবং হাজীগঞ্জ উপজেলার ২ জন। শনিবার থেকে রবিবার পর্যন্ত এ ৫ জন মারা গেছেন। স্থানীয় স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছেন।
মৃতরা হচ্ছেন, চাঁদপুর শহরের চিত্রলেখা মোড় এলাকার মজিবুর রহমান (৬৫), সদর উপজেলার বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামের বিল্লাল শেখ (৪২), কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামের আব্দুর রশিদ আখন্দ (৭০), হাজীগঞ্জ পৌর এলাকার ধেররা গ্রামের মাও. শাহ আলম চৌধুরী (৭৫) এবং বলাখাল এলাকার সিদ্দিকুর রহমান (৭০)।
সদর উপজেলায় মৃতদের মধ্যে বিল্লাল শেখ ঢাকায় থাকতেন। কয়েকদিন আগে তিনি জ্বর নিয়ে গ্রামের বাড়িতে আসেন। তবে এ সম্পর্কে কাউকে কিছু বলেননি। শনিবার রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামের আব্দুর রশিদ আখন্দ গত ৫ দিন জ্বরে ভুগছিলেন। শনিবার রাতে তিনি মারা গেলেও তার নমুনা সংগ্রহ করা যায়নি। আর শহরের মজিবুর রহমান মারা যান রবিবার ভোর ৫টায়।
আর হাজীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড বলাখালের নুরুল আমিনের মৃত্যুর তিনদিন পর বাবা সিদ্দিকুর রহমান মারা যান। এছাড়াও হাজীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড ধেররা এলাকার মাওলানা শাহ আলম চৌধুরী শনিবার রাতে মারা যান।
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা পলিন বলেন, মৃতদের মধ্যে কল্যাণপুরের একজনের মৃত্যুর পর আমাদেরকে না জানিয়েই দাফন করা হয়। আর বালিয়া ইউনিয়নের একজন শনিবার রাতে মারা যান। আমরা দেরিতে খবর পাওয়ায় তার নমুনা সংগ্রহ করা যায়নি। এছাড়া চিত্রলেখা মোড় এলাকায় মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম শোয়েব আহমেদ চিশতী বলেন, হাজীগঞ্জ উপজেলায় শনিবার থেকে রবিবার দুপুর পর্যন্ত ৩ জন মারা গেছেন। এর মধ্যে দু’জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর একজনের মৃত্যুর খবর দেরিতে পাওয়ায় তার নমুনা সংগ্রহ করা যায়নি। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ৯৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। জেলায় করোনায় আক্রান্ত হয়েছে মোট ৪ হাজার ৭৪ জনে। রবিবার (১৪ জুন) জেলা সিভিল সার্জন অফিসের নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
হিলি
দিনাজপুরের ঘোড়াঘাটে করোনার উপসর্গ নিয়ে মোস্তাফিজুর রহমান (৭২) নামের অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। নমুনা দেওয়ার একদিন পর তিনি মারা যান।
রবিবার ভোররাতে ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বিন্যাগাড়ি গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। উপজেলার বিন্যাগাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন তিনি।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর নেওয়াজ জানান, কিছুদিন ধরে মোস্তাফিজুর রহমান শ্বাসকষ্ট জনিত ও নিউমোনিয়ায় গছিলেন। এছাড়াও জ্বরও ছিল। শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে। রবিবার ভোরে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের বাকি সদস্যদের কন্ট্রাক্ট টেসিং করা হবে বলে তিনি জানিয়েছেন।
খুলনা
খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে আবুল হোসেন (৭০) নামের পুলিশের অবসরপ্রাপ্ত এক এসআইয়ের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় তিনি মারা যান।
খুমেক হাসপাতালের ফ্লু কর্নারের মুখপাত্র ডা. মিজানুর রহমান বলেন, জ্বর ও শাসকষ্ট নিয়ে রবিবার দুপুর ৩টা ৪০ মিনিটের দিকে আবুল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার বাড়ি মহানগরীর খালিশপুর হাউজিংয়ে।








