জামালপুরের বকশীগঞ্জে হাসপাতালের ছাদ থেকে পড়ে গিয়ে ইউসুফ আলী (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মালি হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার দুপুর ২ টার দিকে হাসপাতালের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
তার বাড়ি জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে। পিতার নাম গোলজার আলী।
জানা গেছে, তিনি অনেকদিন ধরে বকশীগঞ্জ হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী (মালি ) হিসেবে কর্মরত ছিলেন এবং বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে থাকতেন।
বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নাজিম শাহারিয়ার জানান, ইউসুফ আলী মঙ্গলবার দুপুর ২ টার দিকে মই বেয়ে পুরাতন ভবনের তৃতীয় তলার ছাদে ওঠেন । হঠাৎ তিনি ছাদ থেকে পড়ে গেলে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। জরুরি বিভাগে নেওয়া হলে তার মৃত্যু হয়।
ধারণা করা হচ্ছে ছাদ পরিষ্কার করার জন্য তিনি ছাদে উঠেছিলেন। সেখান থেকে পিছলে পড়ে গেছেন কিনা তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী ছাদ থেকে পড়ে ইউসুফ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, হাসপাতালের মালি ইউসুফ আলীর লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।








