সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার জনে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের সীমান্তবাজার এলাকায় বুধবার (১৭ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে রাজশাহীগামী তুলাবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল মোড় থেকে কড্ডাগামী ইট পরিবহনকারী ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। গুরুতর আহত দুই জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ভর্তির পর একজনের মৃত্যু হয়। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় অপরজন মারা যান।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীম হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম ও জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সভাপতি আকমল হোসেন জানান, নিহতদের দু’জন ট্রাকচালক, একজন হেলপার ও একজন শ্রমিক।
নিহতরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছির হাবিবুর রহমানের ছেলে তুলাবহনকারী ট্রাকের চালক জহুরুল ইসলাম (২৮), একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে শ্রমিক ফারুক হোসেন (২২), হাজিপুর গ্রামের অর্জুন কুমারের ছেলে ইটের ট্রাকের চালক মিঠুন কুমার (২০) এবং একই গ্রামের বনন কুমার গুনো মাহাঁতোর ছেলে একই ট্রাকের হেলপার অনন্ত কুমার (১৮)।
এদিকে, দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতাসহ ট্রাক দুটি অপসারণে মহাসড়কে কৃত্রিম যানজটের সৃষ্টি হয়। তবে দুপুর আড়াইটার পর পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা যায়।







