সাত ঘণ্টার ব্যবধানে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক করোনা রোগীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. বাকির হাসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার দুপুর ২টা ২০মিনিটে করোনা ওয়ার্ডে মারা যান ৩৬ বছর বয়সী এক নারী। তিনি বরিশালের বাবুগঞ্জের রায়পাশা এলাকার মো. আলাউদ্দিনের স্ত্রী। তাকে ১৮ জুন আইসিসিইউতে ভর্তি করা হয়েছিল। তার নমুনা সংগ্রহ করে শেরেবাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
দুপুর ২টা ৫মিনিটে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান করোনায় আক্রান্ত ৫৫ বছর বয়সী আব্দুল বারেক নামের এক ব্যক্তি। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী এলাকার মৃত আরোব আলী রাঢ়ীর ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় গত ১৪ জুন ১২টা ৩৫মিনিটে আইসিসিইউতে ভর্তি করা হয়।
সকাল ৭টায় করোনা ওয়ার্ডে মারা যান ৬৬ বছর বয়সী এনামুল হক। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে। তাকে গত ১৭ জুন সকাল ১০টা ১৫ মিনিটে ভর্তি করা হয়েছিল। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ২৯ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত করোনা ওয়ার্ডে ৬৫ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৩৭ জন নেগেটিভ এবং ২১ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। ৭ জনের রিপোর্ট এখনো আসেনি।








