সরকারি রাস্তা সংস্কার কাজের বরাদ্দ থেকে দাবি করা চাঁদা না দেওয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ তিন জনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ জুন) দুপুর সোয়া ২টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার সিএনজি স্ট্যান্ডে এই ঘটনা ঘটে।
আহত অবস্থায় পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক ভূঁইয়া ও তার ছেলে সুমন ভূঁইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সিরাজুল হক ভূঁইয়া জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের সন্ত্রাসী মোস্তফা ও তার ছেলে রোমান এবং তাজুলের ছেলে আবদুল্লাহ দুধঘাটা এলাকার সরকারি রাস্তার কাজে বাধা দিয়ে গত কয়েকদিন ধরে তার কাছ থেকে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবির চাঁদা না দেওয়ায় শনিবার দুপুরে মোস্তফা ক্ষিপ্ত হয়ে তার ছেলে রোমান এবং তাজুলের ছেলে আবদুল্লাহসহ ৮-১০ জনের একটি সন্ত্রাসী বাহিনী ধারালো চাপাতি দিয়ে হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে তার পিঠে, মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় তাকে বাঁচাতে গেলে তার ছেলে সুমন ভূঁইয়া, রাসেল ভূঁইয়াও আহত হয়।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।








