বরিশাল নগরীতে নকল হ্যান্ড স্যানিটাইজার ও সুরক্ষাসামগ্রী বিক্রির দায়ে দুই খুচরা ব্যবসায়ীকে এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৯ ব্যবসা প্রতিষ্ঠান ও ২ পথচারীর থেকে ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার (২২ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান ও রূম্পা ঘোষ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব শাস্তি ও জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন পটুয়াখালীর সজল জমাদ্দার ওরফে রাজিব ও ঢাকার মোস্তফা কামাল (৩০। দণ্ড ঘোষণার পর তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্তরা ঢাকার মিডফোর্ড এলাকার জনৈক মো. রাকিবের সহায়তায় লঞ্চে এবং কুরিয়ার সার্ভিসে এসব নকল সুরক্ষাসামগ্রী এনে বরিশালে বাজারজাত করার কথা স্বীকার করেন।
এছাড়া স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান এবং দুই পথচারীর থেকে ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। মেট্রোপলিটন পুলিশ পৃথক অভিযানে সহায়তায় করে।








