কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশি যুবককে ১০ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। আটকের ঘটনায় বিজিবি-বিএসএফ চিঠি চালাচালির পর সোমবার (২২ জুন) সকাল ১০ টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে আটক যুবককে হস্তান্তর করা হয়।
আটক বাংলাদেশি যুবকের নাম শাহ-আলম আলী (২২)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিনের সীমান্ত লাগোয়া গোরকমন্ডল গ্রামের হোসেন আলীর ছেলে।
ওই সীমান্তের আবু সায়েদ আলী জানান, গত রবিবার গভীর রাতে সীমান্তের আন্তর্জাতিক ৯২৯ মেইন পিলারের পাশ দিয়ে রাতে অন্ধকারে ভুলে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার খারিদাহরিদাস এলাকায় ঢুকে পড়ে শাহ-আলম আলী। এ সময় খারিদা হরিদাস ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। এ খবর গোরকমন্ডল ক্যাম্পের বিজিবির কাছে পৌঁছে। পরে বিজিবি-বিএসএফের মধ্যে চিঠি চালাচালি হলে ১০ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি যুবককে ফেরত দেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন গোরকমন্ডল ক্যাম্পের নায়েক সুবেদার মুকুল চন্দ্র রায় ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন খারিদা হরিদাস ক্যাম্পের ইন্সপেক্টর শুশীল কুমার।
লালমনিরহাট ১৫ বিজিবি অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান, বিএসএফের কাছ থেকে ফেরত নিয়ে আসা যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।








