গাজীপুরে একটি ডেইরি ফার্মের ১৪টি গরু লুট হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামে ময়না ডেইরি ফার্মে এই ঘটনা ঘটে। গরুগুলো ট্রাকে তুলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ওই খামারের কর্মকর্তা জুবায়ের আহমেদ জানান, কমপক্ষে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল সীমানা প্রাচীর টপকে খামারে প্রবেশ করে। তারা খামারের একজন নৈশপ্রহরী ও দুই কর্মীর হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে ফেলে রাখে। পরে খামারের গেট ও শেডের তালা কেটে ষাঁড়, গাভী ও বাছুরসহ ১৪টি গরু লুটে নেয়। গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ২০ লাখ টাকা। ট্রাকে করে পালিয়ে যায় তারা।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত চালানো হচ্ছে। খামারের মালিক আব্দুল কাইয়ুম মামলার প্রস্তুতি নিচ্ছেন। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ কে এম জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।








