নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইচেষ্টার সময় ধাওয়া করে চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢাল এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার (ওসি) রফিকুল ইসলাম।
তিনি জানান, ছিনতাইকারীরা হলো শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার হুজুরের বাড়ি এলাকার মৃত মঙ্গল মিয়ার ছেলে শহীদ (৩৩), একই উপজেলার সুপেরচর এলাকার হাকিম আলীর ছেলে আবুল কালাম (৪৫), কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নোয়াগাঁও এরাকার মৃত মোবারক হোসেনের ছেলে হোসাইন (৩২) ও বাগেরহাট সদর উপজেলার পাঁচকালি এরাকার মৃত ছামসুর রহমানের ছেলে শাহীন (৩২)।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার বিকাল পৌনে ৪ টার দিকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ- ১১-৭৩১৩) যাত্রী ডাকছিলো। এ সময় পার্টেক্স গ্রুপের কর্মচারী আব্দুল হান্নান কুমিল্লা যাওয়ার উদ্দেশে মাইক্রোবাসে ওঠেন। মাইক্রোবাসটি মহাসড়কের কেওঢালা এলাকায় পৌঁছালে মাইক্রোবাসে থাকা যাত্রীবেশী ৩ ছিনতাইকারী আব্দুল হান্নানের থেকে চার হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই সময় ওই যাত্রী ডাক-চিৎকার করলে মহাসড়কের টহল ডিউটিতে থাকা কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ মাইক্রোবাসকে ধাওয়া করে চালকসহ চার ছিনতাইকারীকে আটক করে।
পুলিশ ছিনিয়ে নেওয়া চার হাজার টাকা ছিনতাইকারীদের থেকে উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।








