বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ রোগীর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুন) এ তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।
ডা. বাকির হোসেন জানান, গত ২৫ জুন করোনা ওয়ার্ডে ভর্তি হন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা এলাকার মিজানুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম (৪৪)। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফাতেমা বেগম করোনায় আক্রান্ত ছিলেন।একই দিন বিকাল সাড়ে ৩টায় মারা যান উজিরপুর উপজেলার শার্শি এলাকার নূর মোহাম্মদ সরদারের ছেলে ইউসুফ সরদার (৩৫)। তাকে গত ২৫ জুন বিকাল সাড়ে ৪টায় ভর্তি করা হয়। করোনা পরীক্ষায় তার নেগেটিভ রিপোর্ট আসে।
সকাল ৯টা ৪৫ মিনিটে মারা যান নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা বলয় চাদ দাসের স্ত্রী পুতুর রানী দাস (৬০)। তাকে ২৬ জুন বেলা ৪টা ৩৫মিনিটে ভর্তি করা হয়। তার নমুনা পরীক্ষা রিপোর্ট আসেনি।সকাল ৮টা ১ মিনিটে মারা যান বাকেরগঞ্জ উপজেলার রামনগরের রকিবুল ইসলামের স্ত্রী ফিরোজা বেগম (৪০)। তাকে ২৫ জুন বেলা ১১টা ৫০ মিনিটে ভর্তি করা হয়। তার নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
শনিবার রাত ১১টায় মারা যান পটুয়াখালী জেলা সদরের ৭নং ওয়ার্ডের গনি ভূঁইয়ার ছেলে কালাম ভূঁইয়া (৬০)। তাকে গত ২৬ জুন বিকাল সাড়ে ৪টায় ভর্তি করা হয়। তার করোনা রিপোর্টও নেগেটিভ।
এখন পর্যন্ত মেডিক্যালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৯১ জন রোগী মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ৩২ জন।








