জনগণের ওপর নতুন করে কোনও ধরনের করারোপ ছাড়াই দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার ২০২০-২০২১ অর্থবছরের জন্য ২৮ কোটি ৩১ লাখ ৬১ হাজার ৩৩২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
সামাজিক দূরত্ব নিশ্চিত করে বুধবার বিকেল ৫টায় পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে পৌরমেয়র জামিল হোসেন চলন্ত বাজেট ঘোষণা করেন। এ সময় সেখানে পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটনসহ সব কাউন্সিলর উপস্থিত ছিলেন।
বাজেটে চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য রাজস্ব থেকে আয় ধরা হয়েছে ১ কোটি ৭১ লাখ ৬০ হাজার ১১৯ টাকা, আর উন্নয়ন আয় ধরা হয়েছে ২৪ কোটি ৬৪ লাখ ২৮২ টাকা, মোট আয় ধরা হয়েছে ২৬ কোটি ৩৫ লাখ ৬০ হাজার ৪০২ টাকা। ব্যয় ধরা হয়েছে রাজস্ব বাবদ ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৩২ টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৬৫ লাখ ৫১ হাজার ৩শ টাকা, মোট ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৩১ লাখ ৬১ হাজার ৩৩২ টাকা। গত ২০১৯-২০ অর্থবছরের বাজেটে আয় ধরা হয়েছিল ২ কোটি ৪১ লাখ ১৭ হাজার ৩৮৫ টাকা। অর্থবছরে ব্যয় হয়েছে ২ কোটি ৪১ লাখ ১৭ হাজার ৩৮৫ টাকা।
হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বাংলা ট্রিবিউনকে বলেন, চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে এলাকার জনগণের ওপর নতুন করে কোনও করারোপ করা হয়নি। নতুন বাজেটে হাকিমপুর পৌরসভা তথা হিলি স্থলবন্দরের প্রধান যে সমস্যা জলাবদ্ধতা সেটি নিরসনকে প্রাধান্য দেওয়া হয়েছে, সেই সঙ্গে বর্জ ব্যবস্থাপনা নিরসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।








